ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিইটি)-২০২৬ প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে পুনে বিমানবন্দরে আনা হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়ার জন্য ভিওয়ান্ডিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুলাই মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্ত দল (এসআইটি) উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানার তিন কর্মীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ছাপানোর সময় সেটি ফাঁস করার অভিযোগ রয়েছে। ওই তিনজনকে গ্রেফতারের পর মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ১০ জন। তখনও পলাতক ছিলেন বিজেন্দ্র গুপ্ত।
তদন্তে জানা যায়, ছাপাখানার কর্মী নরেশকুমার মাহোর গোপনে প্রশ্নপত্র সংগ্রহ করে সাবেক কর্মী সঞ্জয় কুমার শর্মা ও আরেক অভিযুক্ত সোনু কুমারের কাছে পৌঁছে দেন। পরে তারা প্রশ্নপত্র বিজেন্দ্র গুপ্তের হাতে তুলে দেন। এসআইটির দাবি, পুরো প্রশ্নফাঁস চক্রের মূল পরিকল্পনাকারী ছিলেন বিজেন্দ্র।
পুলিশ জানিয়েছে, ছাপাখানার অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকায় অভিযুক্তরা প্রশ্নপত্রে প্রবেশাধিকার পেয়েছিলেন। এছাড়া প্রশ্নফাঁসের আর্থিক লেনদেন, অভিযুক্তদের পারস্পরিক যোগাযোগ এবং ষড়যন্ত্রের বিস্তারিত জানতে তাদের রিমান্ডে নেওয়া হয়েছিল।
এদিকে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের কাছ থেকে তিনটি জীবন্ত গুলি (লাইভ কার্টিজ) উদ্ধার করেছে পুলিশ। এসব গুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
