বিশ্বকাপ শেষ হতেই ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে গ্রীষ্মকালীন দলবদলের ব্যস্ততা। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বার্সেলোনা, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে একের পর এক সম্ভাব্য দলবদলের খবর প্রকাশ করছে ইউরোপীয় গণমাধ্যম।
স্কাই জার্মানির তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও দুই ক্লাবের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। রদ্রি দল ছাড়লে তার বিকল্প হিসেবে লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে নিতে প্রস্তুতি নিচ্ছে সিটি।
অন্যদিকে, ভিনিসিউস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে নজর রাখছে লিভারপুল। ব্রাজিলিয়ান তারকা দল ছাড়লে রিয়াল মাদ্রিদ আরবি লেইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার পরিকল্পনা করছে।
চেলসি আগ্রহ দেখিয়েছে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রতি। তবে নিউক্যাসল স্পষ্ট জানিয়েছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে বিক্রি করতে তারা রাজি নয়।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও জানিয়ে দিয়েছে, এই মৌসুমে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে বিক্রির কোনো পরিকল্পনা নেই।
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল টটেনহ্যামের রাইটব্যাক পেদ্রো পোরোকে দলে নেওয়ার অনুরোধ করলেও স্পার্সের চাওয়া মূল্য দিতে আগ্রহী নয় কাতালানরা।
রিয়াল মাদ্রিদের নজরে রয়েছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল অলিসে। তবে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে আপাতত বায়ার্ন ছাড়তে চান না এই ফরাসি ফুটবলার।
অন্যদিকে, হ্যারি কেইন বায়ার্ন মিউনিখেই থাকতে আগ্রহী। নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তিনি এবং সৌদি ক্লাব আল-হিলালের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
এদিকে পিএসজির ফরাসি তারকা ওসমান ডেম্বেলেকে দলে নিতে আগ্রহী আল-হিলাল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের চুক্তিতে বছরে ৮০ মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত সৌদি ক্লাবটি।
