জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, কারাগারে থাকা আসামি ফুরকান হোসেন আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষও শুনানি পেছানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
তিনি আরও জানান, মামলার ৩৪ আসামির মধ্যে চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী। বর্তমানে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন।
