বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় আবেগ প্রকাশের ধরন তাকে মুগ্ধ করে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলেন তাসনুভা তিশা। সেখানেই ভবিষ্যতে কোন বলিউড তারকার বিপরীতে কাজ করতে চান— এমন প্রশ্নের জবাবে তিনি বিনা দ্বিধায় ইমরান হাশমির নাম বলেন।
তিশা বলেন, “ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি নিয়ে আসেন, তা সত্যিই অসাধারণ। পর্দায় তাকে খুবই স্বাভাবিক লাগে, যেন সবকিছু বাস্তবেই ঘটছে।”
অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। তবে বিষয়টি নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।
তিশার ভাষায়, “আমি তখন খুবই ছিপছিপে ছিলাম। বাবা মজা করে বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!’”
ব্যক্তিগত স্বপ্ন, অভিনয়জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা এই আলাপের মাধ্যমে আবারও ভক্তদের নজর কাড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী।
