ইতালিতে বাঁধনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

ইতালিতে বাঁধনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

বিনোদন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।

রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, তিনি নিজেও আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশে কিংবা দেশের বাইরে শিল্পীদের সঙ্গে কোনো ধরনের হেনস্তার ঘটনা ঘটলে সরকার কখনোই দায় এড়িয়ে যেতে চায় না।

তিনি আরও বলেন, দেশে যেমন অপশক্তি ও শুভশক্তি রয়েছে, দেশের বাইরেও তেমনি উভয় পক্ষ রয়েছে। তবে দেশের বাইরে গিয়েও কেউ অপকর্ম করে পার পাবে না।

এ সময় সংস্কৃতিমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিভিন্ন ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।