ভিনিসিয়ুসকে দলে টানতে আর্সেনালের বড় পরিকল্পনা

ভিনিসিয়ুসকে দলে টানতে আর্সেনালের বড় পরিকল্পনা

খেলাধুলা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে গানার্সরা।

প্রতিবেদন অনুযায়ী, আর্সেনালের আগ্রহের খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও নতুন চুক্তি নিয়ে আলোচনায় গতি আনতে চায় স্প্যানিশ জায়ান্টরা, যাতে ভবিষ্যতে তাকে হারানোর ঝুঁকি কমানো যায়।

তবে চুক্তি নবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন। জানা গেছে, ভিনিসিয়ুস নতুন চুক্তিতে দলের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ পারিশ্রমিক চাইছেন। যদিও রিয়াল মাদ্রিদ একই বেতন কাঠামোতে রাজি নয়। তবে ক্লাবটি আগের চুক্তির তুলনায় উন্নত বেতন এবং পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ একটি আকর্ষণীয় প্রস্তাব নিয়ে আলোচনায় রয়েছে।

এদিকে, আর্সেনাল ক্লাবের বেতন কাঠামোয় নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বলেও গুঞ্জন রয়েছে। ইংলিশ ক্লাবটি ভিনিসিয়ুসকে সপ্তাহে ৪ লাখ পাউন্ডেরও বেশি বেতন দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভিনিসিয়ুস শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকবেন নাকি আর্সেনালের প্রস্তাব বিবেচনা করবেন—তা নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহের আলোচনার ওপর। বর্তমানে ইউরোপের ফুটবল অঙ্গনে এই সম্ভাব্য ট্রান্সফারই অন্যতম আলোচিত বিষয়।