আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানায়, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে উড্ডয়নের কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে হেলিকপ্টারটি লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর মিশনে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অনুসন্ধানে আরেকটি হেলিকপ্টার পাঠানো হলে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
সান হুয়ান প্রদেশের গভর্নর নিশ্চিত করেছেন, হেলিকপ্টারে থাকা সব ৭ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও রয়েছেন।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
