আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা গোল

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা গোল

খেলাধুলা

ফুটবল ইতিহাসে কিছু গোল থাকে, যা বছরের পর বছর ভক্তদের স্মৃতিতে অমলিন হয়ে থাকে। ২০২৬ ফিফা বিশ্বকাপের এমনই এক মুহূর্তের জন্ম দিয়েছেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার সিডনি লোপেজ কাবরাল।

আর্জেন্টিনার বিপক্ষে করা তাঁর দুর্দান্ত গোলটি নির্বাচিত হয়েছে টুর্নামেন্টের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

অতিরিক্ত সময়ে ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বাঁ প্রান্ত থেকে বল পেয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। শটটি এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিছুই করার ছিল না। এই গোলের সুবাদেই ২৩ বছর বয়সী কাবরাল ২০২৬ বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি অর্জন করেন।

এর মাধ্যমে আফ্রিকার কোনো দেশের খেলোয়াড় হিসেবে প্রথমবার এই পুরস্কার জয়ের কৃতিত্বও গড়েন তিনি। গোলটি নিয়ে কাবরাল বলেন, ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে সামনে কিছুটা ফাঁকা জায়গা দেখে তিনি শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বল জালে জড়ানোর পর নিজেই বিশ্বাস করতে পারছিলেন না কী করেছেন। সতীর্থদের উচ্ছ্বাস দেখে তখনও তিনি বিস্মিত ছিলেন। গোল করার পর গ্যালারিতে থাকা মা ও বান্ধবীর দিকে ছুটে যান কাবরাল। সেখানে গিয়ে দেখেন, আনন্দে কাঁদতে কাঁদতে তাঁর মা জ্ঞান হারিয়ে ফেলেছেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সামলে নেন।

কাবরালের ফুটবল ক্যারিয়ারও অনেকটা রূপকথার মতো। নেদারল্যান্ডসে কেপ ভার্দীয় অভিবাসী পরিবারে জন্ম নেওয়া এই ডিফেন্ডার ফেইনুর্ড ও টুয়েন্টির একাডেমিতে বেড়ে ওঠেন। ২০২২ সালেও তিনি জার্মানির পঞ্চম বিভাগের ক্লাব রট-উইস এরফুর্টে খেলতেন। এরপর দ্রুতই কেপ ভার্দে জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৫ সালে যোগ দেন পর্তুগিজ ক্লাব এস্ত্রেলা দা আমাদোরায়, পরে বেনফিকা হয়ে ২০২৬ সালের জুনে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে নাম লেখান।

যদিও ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে, তবুও কাবরালের অসাধারণ গোলটি টুর্নামেন্টের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। ম্যাচ শেষে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলো কাবরালকে বার্তা পাঠিয়ে জানান, তিনিও এই গোলকেই টুর্নামেন্টের সেরা গোল হিসেবে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে চালু হওয়া গোল অব দ্য টুর্নামেন্ট পুরস্কার এর আগে জিতেছেন ম্যাক্সি রদ্রিগেজ, ডিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ, বেঞ্জামিন পাভার্ড এবং রিচার্লিসনের মতো তারকা ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হলো সিডনি লোপেজ কাবরালের নাম।