প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

ঢাকা দেশ জুড়ে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যতে একাধিক পেশায় দক্ষ হয়ে ওঠার সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। অবৈতনিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রম শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

স্কুল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘মিড-ডে মিল’ কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।