বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। সাম্প্রতিক এক রাজনৈতিক ইস্যুতে দেওয়া মন্তব্য ঘিরে শুরু হওয়া সমালোচনার জেরে নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা হৃত্বিক রোশন-এর সঙ্গে তার বহুদিনের বিরোধ।
সম্প্রতি একটি আন্দোলনকে ঘিরে কঙ্গনার মন্তব্যের জবাব দিতে গিয়ে এক রাজনৈতিক মুখপাত্র রসিকতার ছলে হৃত্বিকের নাম টেনে আনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা-হৃত্বিকের পুরোনো সম্পর্ক ও আইনি বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ সময় লেখক ফ্রেডি বার্ডির একটি ইনস্টাগ্রাম পোস্টও ভাইরাল হয়, যেখানে তিনি হৃত্বিককে ইঙ্গিত করে মন্তব্য করেন। তবে এ বিতর্কে সরাসরি জড়াতে চাননি হৃত্বিক। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, কোনো ব্যক্তিকে অপছন্দ করার কারণে অন্য কাউকে সমর্থন করা সমাজের একটি বড় সমস্যা। তথ্যভিত্তিক ও ন্যায্য আলোচনার পক্ষেও মত দেন তিনি।
হৃত্বিকের এই প্রতিক্রিয়ার জবাবে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি হৃত্বিক ও তার বর্তমান সঙ্গী সাবা আজাদ-এর সম্পর্কের জন্য শুভকামনা জানিয়ে বলেন, অন্যদের তার নাম ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ বা বিদ্রূপ করা থেকে বিরত রাখতে হৃত্বিকের ভূমিকা রাখা উচিত।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিমে হৃত্বিক লাইক দিয়েছেন—এমন দাবি ঘিরেও নতুন বিতর্কের জন্ম হয়। যদিও সংশ্লিষ্ট পোস্টটি পরে মুছে ফেলা হয় এবং কথিত ওই লাইকও আর দেখা যায়নি।
কঙ্গনা ও হৃত্বিকের বিরোধের সূত্রপাত প্রায় এক দশক আগে। ‘কাইটস’ ও ‘কৃষ ৩’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে ২০১৬ সালে কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃত্বিককে ‘সিলি এক্স’ বলে উল্লেখ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। কঙ্গনা ব্যক্তিগত সম্পর্কের দাবি করলেও হৃত্বিক বরাবরই তা অস্বীকার করেছেন। এরপর দুজনের মধ্যে আইনি নোটিশ, পাল্টা অভিযোগ এবং দীর্ঘ আইনি লড়াই শুরু হয়, যা এখনও বলিউডের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে বিবেচিত।
