‘পাখি’ নয়, এখানে সবাই যেন আমাকে ‘চামেলি’ হিসেবে চেনে: মধুমিতা

‘পাখি’ নয়, এখানে সবাই যেন আমাকে ‘চামেলি’ হিসেবে চেনে: মধুমিতা

বিনোদন

ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে পরিচিত এই অভিনেত্রী এবার ঢাকাই সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন।

শনিবার ঢাকায় পৌঁছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত গুলশানের চামেলি সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।

প্রথমবার বাংলাদেশে এসে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে মধুমিতা বলেন, অল্প সময়েই তিনি এত আন্তরিকতা পেয়েছেন যে নিজেকে নতুন কোনো জায়গায় এসেছেন বলে মনে হয়নি। এমন একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও মন্তব্য করেন তিনি।

নতুন সিনেমার গল্প ও চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘গুলশানের চামেলি’র গল্প ও চরিত্র তাঁর কাছে একেবারেই নতুন। কলকাতায় এ ধরনের চরিত্রে আগে অভিনয় করেননি বলেই সিনেমাটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

‘পাখি’ চরিত্রের জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে মধুমিতা বলেন, দর্শকদের সেই ভালোবাসা তাঁর কাছে অমূল্য। তবে বাংলাদেশে তিনি চান নতুন পরিচয়ে পরিচিত হতে। তাঁর ভাষায়, ‘আমি চাই সবাই আমাকে এখানে “চামেলি” হিসেবে চিনুক ও ভালোবাসুক।’

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করছেন রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ অনেকে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।