শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: স্থানীয় সরকারমন্ত্রী

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলের নেতারা যে ভাষায় সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তা অতীতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মিল রয়েছে।

সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। এখন বিরোধীদলের নেতারাও ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবো না’—এ ধরনের বক্তব্য দিচ্ছেন, যা একই ধরনের রাজনৈতিক ভাষা।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা সঠিক নয়। তার দাবি, গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে বিএনপি যেসব বিষয়ে একমত নয়, তা স্পষ্টভাবে জানিয়েছে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধীদলের সাংবিধানিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ—এ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিক সংস্কৃতি ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, কার্যকর সংসদ ও গণতান্ত্রিক রাজনৈতিক বিতর্কের মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।