৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% কর ছাড়

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% কর ছাড়

জাতীয়

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এ প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা এই কর প্রণোদনার সুবিধা পাবেন।

অন্যদিকে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর ছাড় মিলবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ায় অতিরিক্ত কর বা জরিমানাও দিতে হবে না।

এরপর বিলম্বে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতেই এ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে কর পরিপালনের সংস্কৃতি শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।

প্রসঙ্গত, ২০২৬-২৭ করবর্ষের জন্য গত ২২ জুলাই থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন দাখিল, অনলাইনে কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।