উদ্বোধনী আয়েই ইতিহাস, আয় ছাড়াল ১১ হাজার কোটি

উদ্বোধনী আয়েই ইতিহাস, আয় ছাড়াল ১১ হাজার কোটি

বিনোদন

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সাম্প্রতিক হতাশার পর নতুন আশার আলো হয়ে এসেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী রেকর্ড আয় করে ইতিহাসের অন্যতম সফল উদ্বোধনী সিনেমায় পরিণত হয়েছে টম হল্যান্ড অভিনীত এই ছবি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম তিন দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এর মাধ্যমে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ তালিকায় শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।

প্রায় ২২ কোটি ৫০ লাখ ডলার নির্মাণ ব্যয়ের এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তেই সেই ব্যয় তুলে নেওয়ার পাশাপাশি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের তালিকায় জায়গা করে নিয়েছে।

উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির উদ্বোধনী আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর ফলে অঞ্চলটির ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমার মর্যাদা পেয়েছে এটি। এখানেও শীর্ষস্থান ধরে রেখেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।

আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া ছবিটির আন্তর্জাতিক আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে চীন থেকে, যেখানে উদ্বোধনী সপ্তাহান্তে আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ডলার। আর যুক্তরাজ্যে আয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবারও পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড।

মুক্তির পর দর্শক ও সমালোচক—উভয়ের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।

মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি সিনেমাটির উদ্বোধনী সাফল্যকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বড় পর্দায় দেখার জন্য তৈরি এই সিনেমাটি দর্শক ঠিক সেভাবেই উপভোগ করেছেন।

বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’—দুই ছবিই শিগগিরই ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে।