গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে, যা জানাল কেজিডিসিএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে, যা জানাল কেজিডিসিএল

জাতীয়

টানা দুই সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের শিল্পখাত বড় ধরনের চাপে পড়েছে। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এতে অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটের কারণে কাচ, ইস্পাত, বস্ত্র ও তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট-কেক এবং বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় একদিকে ব্যয় বেড়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোকে গুনতে হচ্ছে আর্থিক লোকসান।

উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে খাদ্য ও খাদ্যবহির্ভূত বিভিন্ন পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে সময়মতো উৎপাদন সম্পন্ন না হওয়ায় রপ্তানিমুখী শিল্পগুলোও আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার সরবরাহে চ্যালেঞ্জের মুখে পড়ছে।

ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, গ্যাস সংকট দ্রুত নিরসন না হলে কিছু শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন আরও কমাতে বাধ্য হতে পারে। এমনকি পরিস্থিতি দীর্ঘায়িত হলে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে।

কেজিডিসিএলের আশা, বুধবার থেকে গ্যাস সরবরাহ ধাপে ধাপে স্বাভাবিক হলে শিল্পকারখানাগুলোর উৎপাদনও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।