বাংলাদেশ জাতীয় দলে একসঙ্গে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ এবার মুখোমুখি হতে যাচ্ছেন ক্লাব ফুটবলে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে ইংল্যান্ডের মাটিতে দুই বাংলাদেশি ফুটবলারের এই লড়াই ঘিরে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
আগামী ২২ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় রাত ১২টা) ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল মুখোমুখি হবে। ম্যাচটিতে লেস্টারের হয়ে মাঠে নামবেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের জার্সিতে খেলবেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ।
জাতীয় দলের সতীর্থ হওয়ার আগে ক্লাবের হয়ে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন দুজন। তাই ম্যাচটি নিয়ে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।
ফারহান আলী ওয়াহিদ নিজেও ম্যাচটির গুরুত্ব তুলে ধরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। তরুণ এই উইঙ্গার ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছেন।
হামজা চৌধুরী ইতোমধ্যেই ইংলিশ ফুটবলে নিজের অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন। প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি এফএ কাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর মাঝমাঠে তার নেতৃত্ব ও পারফরম্যান্স দলকে নতুন মাত্রা দিয়েছে।
অন্যদিকে ১৯ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফরম্যান্স, গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক খেলায় ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।
জানা গেছে, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই ফারহানকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে সাফ চ্যাম্পিয়নশিপে হামজা-ফারহান জুটিকে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে একসঙ্গে দেখা যেতে পারে।
