চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একই সময়ে অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানও সোমবার সকাল ১০টায় একযোগে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইনে ফল দেখবেন যেভাবে
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও দুটি অভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এগুলো হলো eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <YEAR>
এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ:
SSC DHA ROLL YEAR
দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে:
SSC MAD ROLL YEAR
আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য:
SSC TEC ROLL YEAR
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার পরীক্ষার্থী ১৮ লাখের বেশি
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফল ডাউনলোড করতে পারবে।
