আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি মূল ঘটনার ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। তার মতে, একটি কনসার্ট বন্ধের ঘটনাকে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় তারা শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তার দাবি, শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করতে বলেননি, বরং শুধু শব্দ কমাতে বলেছিলেন।
নৌকাবাইচের প্রসঙ্গেও নিজের তথ্যগত ভুল স্বীকার করেছেন তিনি। তিনি জানান, সিলেটের জায়গায় ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন। এ কারণে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশ সবার—সব ধর্ম, মত ও দৃষ্টিভঙ্গির মানুষের। কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জুলাইয়ের আদর্শের প্রতি নিজের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই তার অবস্থানের মূল ভিত্তি।
