কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। শনিবার (৮ আগস্ট) পার্লামেন্ট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে পরপর চারটি ডিম ছুড়ে মারেন।
এদিন পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এ সময় বিষয়টি নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন কাদরিজা।
একপর্যায়ে নিজের আসন থেকে উঠে কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন তিনি। এ সময় পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতা ও পুলিশ কর্মকর্তারা দ্রুত এগিয়ে গিয়ে তাকে থামান।
কসোভোয় আগাম নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। এর মধ্যেই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দিকে ডিম ছোড়ার ঘটনায় দেশটির রাজনৈতিক উত্তেজনা আরও প্রকাশ্যে এলো।
