গার্দিওলার কোচিং থেকে বিরতিকে ‘দুর্বলতা’ বললেন মরিনহো

গার্দিওলার কোচিং থেকে বিরতিকে ‘দুর্বলতা’ বললেন মরিনহো

খেলাধুলা

হোসে মরিনহো ও পেপ গার্দিওলার পুরোনো দ্বৈরথ যেন আবারও নতুন করে সামনে এসেছে। কোচিং থেকে সাময়িক বিরতি নেওয়া নিয়ে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। দীর্ঘ বিরতিকে তিনি ‘দুর্বলতার লক্ষণ’ হিসেবে উল্লেখ করেছেন।

নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে গার্দিওলার কোচিং থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মরিনহো এমন মন্তব্য করেন।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কোচিং থেকে স্বেচ্ছায় বিরতি নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে গার্দিওলাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন মরিনহো। নিজের অবস্থানে অনড় থেকে তিনি বলেন, “আমার কাছে, দীর্ঘ ছুটি দুর্বলতার লক্ষণ, যা আমি ঘৃণা করি। আমি এই শব্দটি প্রচণ্ড ঘৃণা করি।”

২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর গার্দিওলা এক বছরের বিরতি নিয়েছিলেন। এরপর ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় কোচিং করানোর পর বর্তমানে তিনি আবারও বিরতিতে আছেন। বিশ্রাম ও পরিবারকে সময় দেওয়ার ইচ্ছায় ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ফুটবল থেকে দূরে থাকার বিষয়টি নিজের ক্ষেত্রে কল্পনাই করতে পারেন না বলে জানিয়েছেন মরিনহো। তার কাছে ফুটবল মানেই হাজারো দর্শকের সামনে স্টেডিয়ামে কাজ করা।

৬৩ বছর বয়সী এই কোচ জানিয়েছেন, তিনি আরও অন্তত ১০ বছর কোচিং করাতে চান। এমনকি ৭০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

মরিনহো বলেন, “আমি আরও শিরোপা জিততে চাই।” এরপর আকাশের দিকে আঙুল তুলে প্রতীকী ভঙ্গিতে তিনি বলেন, যখন সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নেবেন যে তার থামার সময় হয়েছে, তখনই তিনি কোচিং থেকে সরে দাঁড়াবেন।

মরিনহো ও গার্দিওলার প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বে বহু পুরোনো। স্পেনের ক্লাব ফুটবলে তাদের দ্বৈরথ একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নতুন করে মরিনহোর এই মন্তব্য সেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতাকেই আবার আলোচনায় এনেছে।