ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সঙ্গে প্রায় সাত ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে তিনি এ কথা জানান। খবর ডন নিউজের। পেজেশকিয়ান বলেন, একজন ব্যক্তি যদি টানা সাত থেকে আট ঘণ্টা বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন, তাহলে তার গুরুতর কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকার কথা নয়। তিনি জানান, সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকটি অত্যন্ত ভালো হয়েছে এবং এতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বৈঠকে চলমান বিভিন্ন ইস্যু, দেশের উদ্বেগ ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরা হয়। এসব বিষয়ে মুজতাবা খামেনি ধৈর্যের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন ইস্যুতে সর্বোচ্চ নেতার সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরুর পর নিরাপত্তাজনিত কারণে মুজতাবা খামেনি আত্মগোপনে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শারীরিক অসুস্থতা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা থাকলেও তিনি নিয়মিতভাবে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।
