নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। নতুন নির্দেশনাতেও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার তালিকায় রেখেছে দেশটি।
তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য আরও কঠোর সতর্কতা জারি করে সেখানে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত ১০ আগস্ট প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, আদালতকেন্দ্রিক কার্যক্রম ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে হঠাৎ বিক্ষোভ এবং সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এসব পরিস্থিতিতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছে কানাডা।
বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভস্থল এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কঠোর সতর্কতা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সতর্কতার মাত্রা আরও বাড়িয়েছে কানাডা। ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে উল্লেখ করে সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটি।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা। সর্বশেষ হালনাগাদেও দেশটি আগের সতর্ক অবস্থান বহাল রেখেছে।
