দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, তা অনেকটাই স্পষ্ট হবে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, সেটিও আজ ঘোষণা হওয়ার কথা। দুপুর ১টার পর দলটির প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানেই প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ পর্যন্ত তাকে প্রার্থী করা হবে, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য কোনো নাম ঘোষণা করবেন—তা আজই জানা যাবে।
এদিকে, সচিবালয়ে গুঞ্জন রয়েছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন।
কবে হবে রাষ্ট্রপতি নির্বাচন? রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
এবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন।
তবে বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পরই কার্যত দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চিত করতেই ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।
