দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৩৪১ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা দরে।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা। এর আগে গত ১১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো।
রুপার দাম অপরিবর্তিত সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত সোনার দাম কার্যকর থাকবে।
