বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের তথ্যকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার ওই রিপোর্ট আমলে নিচ্ছে না।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে প্রতিবেদনটির বিষয়ে শুনেছেন। সেখানে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, রিপোর্টটি না দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন। গত ছয় মাসে সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কাজ করেছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে সংকট তৈরি হয়েছিল, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রায় এক মাস পর্যন্ত দেশে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়নি। পরে সহনীয় পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট আগের সরকারের আমলে তৈরি হওয়া সমস্যার অংশ। আমদানিনির্ভরতা কমাতে স্থলভাগ ও সমুদ্র এলাকায় নতুন গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাসের মাধ্যমে সংকট অনেকটাই সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার একটি সেল প্রতিষ্ঠার কাজে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা করা হতে পারে।
