দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

দ্বিতীয় সপ্তাহেও সাড়া ফেলছে ‘আওয়ারাপান ২’

বিনোদন

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’। দ্বিতীয় সপ্তাহেও সেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিনেমাটি। মুক্তির আট দিন শেষে দেশ-বিদেশ মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৭০ কোটি রুপি।

গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছে। বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, অষ্টম দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। এতে দেশটিতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি।

ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় এখন ১৪১ কোটি ৮৭ লাখ রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকেও ভালো আয় করছে ‘আওয়ারাপান ২’। অষ্টম দিনে বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে আরও ১ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৩০ লাখ রুপি।

সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন ১৬৯ কোটি ১৭ লাখ রুপি। ফলে ১৭০ কোটি রুপির মাইলফলক ছুঁতে আর সামান্যই বাকি।

মুক্তির প্রথম দিনেই ২২ কোটি রুপি আয় করে যাত্রা শুরু করে ‘আওয়ারাপান ২’। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। তৃতীয় দিনে সিনেমাটি সংগ্রহ করে ২৬ কোটি রুপি। এরপর কর্মদিবসে আয় কিছুটা কমে গেলেও ধারাবাহিকতা ধরে রাখে ছবিটি। চতুর্থ দিনে ৯ কোটি ২৫ লাখ, পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি আয় করে। অষ্টম দিনে আরও ৫ কোটি ৫০ লাখ রুপি যোগ হয়।

২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেষ ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট ও মুকেশ ভাট।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।