দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
