নারীদের রাজনৈতিকভাবে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া নেতৃত্বের পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের সুযোগ খুবই সীমিত। এসব পর্যায়ে নারীদের বেশি করে মনোনয়ন দেওয়া হলে তাদের জাতীয় রাজনীতিতে উঠে আসার পথ আরও সহজ হতো।
তিনি বলেন, একটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলেও অনেক সময় তাকে প্রার্থী হিসেবে যথাযথভাবে উৎসাহ বা প্রচার করা হয় না। ফলে যোগ্যতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও নারীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন।
রাজনীতিতে নারীদের সামনে নানা ধরনের বাধা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে নারীদের নিজেদের জায়গা তৈরি করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও নারীদের নেতৃত্ব বিকাশে কার্যকর সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ নারী নেতৃত্বকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
