বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।
অভিনন্দনবার্তায় মাসউদ পেজেশকিয়ান বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা ও সাফল্যের প্রতি বাংলাদেশের আইনসভা ও সংসদ সদস্যদের আস্থা রয়েছে। তাঁদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও ইরান আগ্রহী।
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও কল্যাণ কামনা করেন তিনি।
