যুদ্ধের মধ্যে ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ, কিছু সরঞ্জামে বেড়েছে তিন গুণ

যুদ্ধের মধ্যে ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ, কিছু সরঞ্জামে বেড়েছে তিন গুণ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে সামরিক সরঞ্জাম দ্রুত প্রতিস্থাপনের সক্ষমতা বাড়িয়েছে ইরান। দেশটির দাবি, যুদ্ধের প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক জানান, দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও আগের বছরগুলোতে গড়ে তোলা কৌশলগত মজুতের সহায়তায় যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

তালাই-নিকের দাবি, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এক বছরে ইরানের প্রতিরক্ষা শিল্পের বার্ষিক উৎপাদন আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এ সময়ে ১২ দিনের যুদ্ধে ইরানের কয়েকটি প্রতিরক্ষা শিল্প স্থাপনায় সীমিত হামলা হলেও উৎপাদন কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রতিরক্ষা উৎপাদন শুধু অব্যাহতই থাকেনি, যুদ্ধের জন্য প্রয়োজনীয় কিছু কৌশলগত ও অগ্রাধিকারভিত্তিক সামরিক সরঞ্জামের উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে।

সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের তথ্য গোপন রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন ইরানের এই কর্মকর্তা। তার ভাষ্য, নিজেদের দুর্বলতা প্রকাশ না করা এবং শত্রুর আকস্মিক হামলার সুযোগ কমাতে সামরিক গোপনীয়তা বজায় রাখা জরুরি।

এ কারণে গত দুই বছর ধরে প্রতিরক্ষা শিল্প দিবসে সামরিক প্রদর্শনী আয়োজন করেনি ইরান। পাশাপাশি নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তালাই-নিক।