কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার (২২ আগস্ট) রাতে কুষ্টিয়ায় পৌঁছানোর পর সৎকার সম্পন্ন হয়েছে। একই ঘটনায় নিহত দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ রোববার (২৩ আগস্ট) ভোরে দাফন করা হয়েছে।
শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে দেবাশীষের পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ পৌঁছায়। প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাজু নামে পরিচিত আলিমুজ্জামান সাজুর মরদেহ তার ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ নেওয়া হয় কালীগঞ্জের বরেয়া গ্রামের বাড়িতে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অন্যদিকে পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে রেবতী সরকারের মরদেহ।
উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হন। তাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক দগ্ধ হয়েছেন।
