নেভাডায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

নেভাডায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে অন্তত ১৩ হাজার হেক্টর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত শনিবার থেকে রেনো শহরের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে দাবানল। আগুনের ঝুঁকি বাড়তে থাকায় নিরাপত্তার জন্য অন্তত ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৪৫ হাজার মানুষকে যেকোনো সময় এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। আগুন নেভাতে স্থলভাগের পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকাশ থেকে আগুনের ওপর পানি ও রাসায়নিক ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, দাবানলের সূত্রপাতের পেছনে মানুষের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় নেভাডার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে নতুন করে আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।