দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের ছয় মাসের সময়ে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, এটি দীর্ঘদিনের জাতীয় সমস্যা। এই সংকটকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক নয়।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নীতিগত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমালোচনা থাকতে পারে। তবে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যার কারণে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনছেন এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।
আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত পর্যায়ে নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুল হক নুর। তিনি বলেন, পাঁচ বছরে দেশের সবকিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, নাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দুর্নীতি দমন ও জবাবদিহিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তাও যাচাই-বাছাই করা হচ্ছে।
