সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিতব্য বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করলে আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন পে স্কেলের বিভিন্ন বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে স্কেলের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।
এদিকে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে। প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন বেতন কাঠামো মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রিসভা নতুন পে স্কেল অনুমোদন করলে এরপর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী এগোলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে।
নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ফলে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটির অনুমোদনের দিকে এখন নজর রয়েছে সরকারি কর্মচারীদের।
