ইরানের পাল্টা হামলা, চার দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ইরানের পাল্টা হামলা, চার দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আন্তর্জাতিক

ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের চার দেশে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে জর্ডান, কুয়েত, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত এই হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের হরমুজ প্রণালীর কাছে সিরিক কাউন্টিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার একটি অংশ একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে। ইরানি রেড ক্রিসেন্টের দাবি, এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।

ঘটনার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বেসামরিক মানুষ নিহতের খবর সম্পর্কে তারা অবগত। একই সঙ্গে তাদের দাবি, মার্কিন বাহিনী কখনো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিকে হামলার জবাবে বুধবার ভোরে জর্ডানের আকাবায় অবস্থিত একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৩টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে ১০টি আকাশেই ধ্বংস করা হয়। বাকি তিনটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জর্ডান।

একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হয়। অন্যদিকে বাহরাইনেও বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দাবি, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। হামলায় ঘাঁটির একটি প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, গুদাম ও কয়েকটি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং মার্কিন বাহিনীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে প্রায় এক মাসের বিরতির পর মঙ্গলবার ইরানে আবার বিমান হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র। ইরানের চাবাহার, কোনারক ও জিরোফত বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ইরানের সমন্বিত হামলায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে—এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তীব্র হয়েছে।