পুরোনো অভিমান ভুলে নতুন প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর

পুরোনো অভিমান ভুলে নতুন প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর

বিনোদন

একসময় টালিউডের জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও তাদের বন্ধুত্ব এবং পর্দার রসায়ন নিয়ে দর্শকের আগ্রহ এখনো কমেনি। দীর্ঘ বিরতির পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন তারা। এর মধ্যেই একসঙ্গে বিশেষ ফটোশুটে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন দুই তারকা।

সোমবার (১ সেপ্টেম্বর) আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচারে ফেসবুক সরাসরি সম্প্রচারে একসঙ্গে উপস্থিত হন দেব ও শুভশ্রী। তাদের এই উপস্থিতি ঘিরে দিনভর টালিউডে আলোচনা চলে। এরপর একটি বিশেষ ফটোশুটেও ক্যামেরাবন্দি হন সাবেক এই জুটি।

ফটোশুটের প্রকাশিত ছবিতে দেব ও শুভশ্রীর প্রাণবন্ত মুহূর্ত ধরা পড়েছে। একটি ছবিতে শুভশ্রীকে পেছন থেকে জড়িয়ে থাকতে দেখা যায় দেবকে। দুজনের মুখেই ছিল হাসি। নীল ও ধূসর রঙের আধুনিক পোশাকেও তাদের বেশ নজরকাড়া দেখিয়েছে।

ছবিগুলো শুভশ্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ছবি সামনে আসার পরপরই তাদের পুরোনো রসায়ন নিয়ে আবারও আলোচনা শুরু হয়। অনুরাগীদের অনেকেই ফিরে যান দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটির পুরোনো দিনগুলোর স্মৃতিতে।

এর আগে ‘দুই বাচ্চার মা’ মন্তব্যকে ঘিরে দেব ও শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কথা প্রকাশ্যে এসেছিল। ওই ঘটনার পর দেব শুভশ্রীর ফোন নম্বর মুছে দিয়েছিলেন বলেও জানা যায়। ঝগড়া হলে একে অপরের নম্বর ব্লক বা মুছে ফেলার অভ্যাস তাদের মধ্যে আগে থেকেই ছিল বলে দুজনই জানিয়েছিলেন।

তবে সোমবারের সরাসরি সম্প্রচারে দেব জানান, শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ কখনো পুরোপুরি বন্ধ হয়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিনও তাদের মধ্যে কথা হয়েছিল বলে জানান তিনি।

এদিন পুরোনো অভিমান ও ঝগড়া ভুলে সম্পর্ক আরও স্বাভাবিক রাখার বিষয়ে একে অপরকে প্রতিশ্রুতি দেন দেব ও শুভশ্রী। শুভশ্রী বলেন, ‘যা-ই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। একে অপরের নাম্বারও ব্লক করব না।’

দীর্ঘ বিরতির পর পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলন এবং তাদের সাম্প্রতিক এই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত তাই দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।