জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে দুই দেশের সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঢাকা-দিল্লির সম্পর্কোন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়েও আলোচনা করেন তারা।
এ ছাড়া ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করার বিষয়টি আলোচনায় আসে।
সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়নে পারস্পরিক অংশগ্রহণ এবং বাংলাদেশ ও ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন স্পিকার, ডেপুটি স্পিকার ও ভারতীয় হাইকমিশনার।
বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক ও সংসদীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
