বুধবার হরমুজ অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ

বুধবার হরমুজ অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) মাত্র ছয়টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ব্যবস্থা কেপলার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি অতিক্রম করা ছয়টি জাহাজের মধ্যে দুটি বড় গ্যাসবাহী জাহাজ, দুটি দূরপাল্লার তেলবাহী জাহাজ, একটি সুপ্রাম্যাক্স শ্রেণির তেলবাহী জাহাজ এবং একটি প্যানাম্যাক্স শ্রেণির তেলবাহী জাহাজ ছিল।

কেপলারের তথ্য বলছে, এই সংখ্যা গত দিনের ১১টি জাহাজের তুলনায় প্রায় অর্ধেক। একই সঙ্গে গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৩টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সেই তুলনায় বুধবারের ছয়টি জাহাজের চলাচল অনেক কম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এখানে জাহাজ চলাচল কমে গেলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে এর প্রভাব পড়তে পারে।

বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।