দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে শনাক্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। শিশুদের মধ্যে এ সংক্রমণ ঠেকাতে সতর্কতা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
