অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। সোমবার ‘মেট এক্সটি২’ নামে নতুন এই ফোন বাজারে আনে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের নতুন ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি দুইবার ভাঁজ করা যায়। পুরোপুরি খুললে স্মার্টফোনটি বড় পর্দার ট্যাবলেটের রূপ নেয়। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নতুন কিরিন ৯০৫০ প্রো চিপ।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন চিপটি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে বেশি কম্পিউটিং ক্ষমতা দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহারে হুয়াওয়ের ওপর যে সীমাবদ্ধতা রয়েছে, নতুন এই চিপ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

মেট এক্সটি২-তে আগের মডেলের তুলনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশার ভাঁজ করার ব্যবস্থা এবং উন্নত পানিরোধী সুবিধার পাশাপাশি ফোনটিতে এমন একটি ঐচ্ছিক পর্দা রাখা হয়েছে, যার মাধ্যমে আশপাশের মানুষ সহজে ব্যবহারকারীর পর্দায় থাকা তথ্য দেখতে পারবেন না।

ক্যামেরা ব্যবস্থাতেও উন্নতি করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির নিজস্ব পরীক্ষার তথ্য অনুযায়ী, আগের মডেলের তুলনায় মেট এক্সটি২-এর সামগ্রিক কার্যক্ষমতা ৪২ শতাংশ বেশি।

চীনের স্মার্টফোন বাজারেও হুয়াওয়ের অবস্থান বেশ শক্তিশালী। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখল ছিল ২২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে অ্যাপলের বাজার হিস্যা ছিল ১৮ দশমিক ১ শতাংশ এবং শাওমির ১২ দশমিক ৪ শতাংশ।

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের অবস্থান আরও শক্তিশালী। স্মার্ট অ্যানালিটিকস গ্লোবালের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে ফোল্ডেবল ফোনের মোট সরবরাহের ৬৮ শতাংশই ছিল হুয়াওয়ের।

তবে সামনে এই বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে শাওমিও নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন করছে। অন্যদিকে বুধবার নতুন আইফোন সিরিজ বাজারে আনার কথা রয়েছে অ্যাপলের।

ফলে চীনের প্রিমিয়াম ও ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে, শাওমি ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। নতুন মেট এক্সটি২ দিয়ে সেই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখার লক্ষ্যেই এগোচ্ছে হুয়াওয়ে।