হরমুজে সেনা না পাঠাতে দক্ষিণ কোরিয়া সরকারকে নাগরিকদের আহ্বান

হরমুজে সেনা না পাঠাতে দক্ষিণ কোরিয়া সরকারকে নাগরিকদের আহ্বান

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক উত্তেজনার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালিতে কোনো ধরনের নৌবাহিনী বা সামরিক সহায়তা না পাঠাতে নিজেদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা।

মার্কিন সামরিক পদক্ষেপকে ‘বেআইনি ও আগ্রাসী যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে রাজধানী সিউলে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা। মার্কিন দূতাবাসের বাইরে অবস্থান নিয়ে কয়েক ডজন বিক্ষোভকারী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘আগ্রাসী যুদ্ধে যোগ দেবেন না’সহ বিভিন্ন বার্তা লেখা ছিল। তারা বলেন, দেশের তরুণদের এমন একটি যুদ্ধে পাঠানো উচিত নয়, যেখানে তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার পর প্রণালিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার নামে দক্ষিণ কোরিয়ার ওপর সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে একটি তথ্যানুসন্ধানী দল পাঠানো হয়েছে। তবে সেখানে নৌবাহিনী বা সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সরকারের এমন অবস্থানের মধ্যেই দেশটির যুদ্ধবিরোধী সংগঠন ও সাধারণ নাগরিকদের একাংশ হরমুজ প্রণালিতে সামরিক সম্পৃক্ততা না বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন।