মহাখালী রেলগেটের পাশে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মহাখালী রেলগেটের পাশে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ঢাকা দেশ জুড়ে

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পুরোনো চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে থাকা একটি পুরোনো ও পরিত্যক্ত চারতলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলার ছাদে স্তূপ করে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভবনটির তৃতীয় তলায় একটি সক্রিয় বৈদ্যুতিক উপকেন্দ্র থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এতে ঘটনাস্থলে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় আগুন উপকেন্দ্র কিংবা আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণে ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।