ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতেছে বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া নির্মাতা রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পেয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রুবাইয়াত হোসনের হাতে পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা।
রুবাইয়াত হোসন বলেন, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের। ভেনিসের মতো উৎসবে অংশ নেওয়া সব সিনেমার মধ্য থেকে তার চলচ্চিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করায় তিনি জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার মতে, এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ।
এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে জায়গা করে নেয়। ৬ সেপ্টেম্বর উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমেও সিনেমাটি প্রশংসা পেয়েছে।
সিনেমাটি নির্মাণের ভাবনা প্রসঙ্গে রুবাইয়াত জানান, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ, নিয়ন্ত্রণ এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে—সেই ভাবনা থেকেই চলচ্চিত্রটির গল্পের সূত্রপাত। এর সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতাও জড়িয়ে আছে বলে জানান তিনি।
নির্মাতা আরও বলেন, ভেনিসের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তার কাছে গভীরভাবে অর্থবহ। চলচ্চিত্রটির মাধ্যমে দর্শক যেন বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার দৃষ্টিতে নয়, বরং কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করতে পারেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র দিয়েই ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া রুবাইয়াতের জন্য পথটি সহজ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো চলচ্চিত্রের মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে উৎসবের বিভিন্ন বিভাগে সিনেমা নির্বাচন করা হয়। সেই কঠিন প্রক্রিয়া পেরিয়ে মূল পুরস্কার ঘোষণার আগেই বড় একটি স্বীকৃতি পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে অফিসিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সামনে আরও একটি বড় স্বীকৃতির সম্ভাবনা রয়েছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।
ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনিস উৎসব শেষ করেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত হোসন।
