আশি-নব্বইয়ের দশকের আবহে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের প্রবণতা বর্তমানে বেশ জনপ্রিয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অনেকেই ফিরে যাচ্ছেন সেই সময়ের পোশাক ও সাজসজ্জায়। তবে কোনো প্রযুক্তির সাহায্য ছাড়াই এবার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বইয়ের দশকের নায়কের আদলে সাজিয়ে চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের তিনটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’, যার অর্থ—‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
ছবিতে নীল টি-শার্টের সঙ্গে নব্বইয়ের দশকের জনপ্রিয় ধাঁচের লম্বাটে চুলে দেখা যায় ছোট্ট পূণ্যকে। ছেলের এমন ভিন্নধর্মী সাজ প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া পড়ে। ছবিগুলোতে জমতে থাকে নানা প্রশংসামূলক মন্তব্য।
এক ভক্ত পূণ্যকে ভবিষ্যতের আকর্ষণীয় তারকা হিসেবে উল্লেখ করেছেন। আরেকজন লিখেছেন, যে যুগের নায়কই হোক, পূণ্য সবসময়ই কিউট। অনেকেই আবার তার চেহারায় বাবা চিত্রনায়ক শরিফুল রাজের ছাপ খুঁজে পেয়েছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘পুরাই বাপের মতো।’
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে একাই বড় করছেন পরীমনি। পরবর্তী সময়ে একটি কন্যাসন্তান দত্তক নেন তিনি। মেয়েটির নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।
দুই সন্তানকে নিয়ে বর্তমানে সংসার ও অভিনয়—দুই দিকই সামলাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই সম্প্রতি পরীমনির কোলে এক নবজাতককে দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন কি না পরীমনি।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
