ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

আন্তর্জাতিক

কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের যুদ্ধবিরোধী প্রস্তাব এ নিয়ে তৃতীয়বারের মতো নিম্নকক্ষে অনুমোদিত হলো। বুধবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে পাস হয়। বিরোধী ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবের পক্ষে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সাতজন আইনপ্রণেতাও দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দেন। এর আগে একই ধরনের ভোটাভুটিতে চারজন রিপাবলিকান আইনপ্রণেতা প্রস্তাবটির পক্ষে ছিলেন।

কংগ্রেশনাল বাজেট দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনের পর যুদ্ধক্ষমতা প্রস্তাব পাসের উদ্যোগ জোরালো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ইতোমধ্যে ৩৮ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।

বর্তমানে যুদ্ধ পরিচালনায় প্রতি মাসে প্রায় ৩ বিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অভিযান চালানোর ফলে মার্কিন বাহিনীর প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাচ্ছে। এই ঘাটতি পূরণ করে অস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিয়েতনাম যুদ্ধের পর প্রণীত ঐতিহাসিক যুদ্ধক্ষমতা আইনের আওতায় প্রতিনিধি পরিষদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আইনের উদ্দেশ্য হলো, দেশের বাইরে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে যুদ্ধক্ষমতা আইনের মাধ্যমে বিদেশে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন ও তদারকির সুযোগ রাখা হয়েছে।