২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা চূড়ান্ত ফলাফলের জন্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা জানতে পারবে, তারা কোন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাতে প্রকাশিত ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানা যাবে। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।
ভর্তি ফি কত শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা নন-এমপিও অবস্থান, বাংলা ও ইংরেজি মাধ্যম এবং এলাকার ওপর ভিত্তি করে ফি নির্ধারিত হবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরে এ ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি মাধ্যমে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
জেলা সদর এলাকায় বাংলা মাধ্যমে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি মাধ্যমে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
