পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলা, নিহত ৩১

পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় আঘাত করে।

হামলার সময় ওই স্থাপনার ভেতরের একটি মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পর গাড়িতে থাকা আরেক হামলাকারী গুলি চালাতে শুরু করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।