চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা শেষ করতে দেরি হলেও ফল প্রস্তুতের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৫ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পরে শেষ হয়েছে।
এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
ফল প্রস্তুতের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
