সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা, যা বললেন সালমান

সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা, যা বললেন সালমান

বিনোদন

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে এমন জল্পনা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে সিদ্ধার্থ বা কিয়ারার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ অনুষ্ঠানে নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সেখানে সিদ্ধার্থের বিয়ে ও বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

সিদ্ধার্থ জানান, বিয়ের পর তার জীবন ভালোই কাটছে এবং বাবা হওয়ার অনুভূতিও তার কাছে অসাধারণ। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সন্তান নতুন নতুন কথা বলছে এবং অনেক কিছু শিখছে। বাবা হওয়াকে তিনি জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি বলে উল্লেখ করেন।

এরপর সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান খান মজা করে বলেন, ‘আশা করি খুব শিগগিরই আরও একটি সন্তান হবে।’ সালমানের এই মন্তব্যের পরই সিদ্ধার্থ ও কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

তবে সালমানের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া এই আলোচনা এখনো কেবল জল্পনাতেই সীমাবদ্ধ। দ্বিতীয় সন্তান আসার বিষয়ে দম্পতির পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে বিয়ে করেন তারা। ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, কন্যাসন্তান সারায়াহ মালহোত্রার জন্ম হয়।