বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের দুই পাশে ৫ হাজার তালবীজ রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের দুই পাশে ৫ হাজার তালবীজ রোপণ

চট্টগ্রাম দেশ জুড়ে

কুমিল্লার লালমাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে তালবীজ বিতরণ করা হয়।

পরে পশ্চিম নোয়াগাঁও, দৌলতপুর ও পূর্ব নোয়াগাঁও আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

আয়োজকেরা জানান, কর্মসূচির প্রথম দিনে এক হাজার তালবীজ সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়েছে। চলতি মাসজুড়ে কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

কাওসার আলম সোহেল বলেন, ২০১১ সাল থেকে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছে সংগঠনটি। গত ১৫ বছরে সারা দেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবার কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বজ্রপাতে প্রাণ হারানো মানুষের বড় একটি অংশ প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর। বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আগাম সতর্কতা ও ধারাবাহিক প্রতিরোধমূলক উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালবীজ রোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে সারা দেশে ব্যাপকভাবে তালগাছের বিস্তার ঘটানো সম্ভব।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।